অনলাইন ডেস্ক: রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পর এবার শব্দদূষণ নিয়ন্ত্রণেও এ প্রযুক্তি কাজে লাগানোর পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এমন তথ্য জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন শুক্রবার সকালে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও মানসিকতার পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই পরিবেশবান্ধব আচরণে অভ্যস্ত হলে দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘আমরা আমাদের দায়িত্ব পালন করছি। পরিবেশ নিয়ে যারা কাজ করেন, তারাও এগিয়ে আসবেন। আমরা বলছি না একদিনেই সবকিছু সম্ভব হবে, তবে সবার অংশগ্রহণের মাধ্যমে ধাপে ধাপে তা বাস্তবায়ন করতে চাই।’
শফিকুল ইসলাম খান আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারি সংস্থা, পরিবেশকর্মী এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবাই মিলে কাজ করলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তিনি জানান, আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা সম্পূর্ণভাবে শব্দদূষণ নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে পরিচালিত হবে। এ সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএনসিসি প্রশাসক দাবি করেন, রাজধানীর সড়কে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার আলোকে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available