• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪১:৪৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

৫ জুন ২০২৬ সকাল ১১:২৪:২৫

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

অনলাইন ডেস্ক: লালমনিরহাট সীমান্তের তিনটি পৃথক পয়েন্ট দিয়ে একযোগে ৩৩ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছেন।

৫ জুন শুক্রবার সকালে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে সীমান্তে দায়িত্বরত বিজিবি ১৫ ও ৬১ ব্যাটালিয়ন।

বিজিবির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন বিজিবি-৬১-এর অধীন বড়খাতা বিওপি এলাকায় ১১ জন এবং পয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় ১০ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বড়খাতা এলাকায় থাকা ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ ও ৮ জন নারী এবং পয়ষট্টিবাড়ি এলাকায় ৫ জন পুরুষ ও ৫ জন নারী ছিলেন।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি-১৫-এর অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ এবং ৯২৭/৭-এস এর নিকট ভারতীয় সীমান্ত এলাকায় আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি শনাক্ত করে। বিজিবি সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা দিলে তারা ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থান করতে থাকে।

বিজিবি জানিয়েছে, ওই ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় আটকে রাখা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইনের ঘটনা বেড়েছে। এ প্রেক্ষাপটে লালমনিরহাট সীমান্তে বিজিবি টহল আরও জোরদার করেছে এবং বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us