ডেস্ক রিপোর্ট: দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে সরকার। ২০ মে বুধবার রাত ৯টায় ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই সেই রেকর্ড গড়া হয়েছিল।
সংশ্লিষ্টরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, সন্ধ্যার পর থেকে দেশে বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে গরমের মৌসুমে আবাসিক খাতে ফ্যান, এসি ও অন্যান্য শীতলীকরণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পিক আওয়ারে চাপ বাড়ে।
দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের বড় অংশই আসে আবাসিক খাত থেকে। মোট ব্যবহারের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ বাসাবাড়িতে ব্যবহৃত হয়। শিল্প খাতে ব্যবহৃত হয় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ। এর মধ্যে তৈরি পোশাক শিল্প (আরএমজি), টেক্সটাইল ও ভারী শিল্পে চাহিদা বেশি।
এ ছাড়া বাণিজ্যিক খাতে—যেমন মার্কেট, অফিস, হোটেল ও রেস্তোরাঁয়—প্রায় ১০ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়। বাকি অংশ কৃষি, সেচ, সড়ক আলোকসজ্জা ও অন্যান্য জনসেবামূলক কাজে ব্যবহৃত হয়ে থাকে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানায়, বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট। তবে প্রকৃত উৎপাদন নির্ভর করে জ্বালানি সরবরাহ, বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ এবং চাহিদার ওঠানামার ওপর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available