নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট ও দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে রায় দিয়েছেন। এ রায় থেকে স্পষ্ট, দেশের বৃহদাংশ নাগরিক আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে চান না; তারা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার চান।

১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


অধ্যাপক আলী রীয়াজ জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার অংশ নেন, যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দেন, কাস্ট হওয়া ভোটের ৬৮.০৬ শতাংশ। অন্যদিকে, ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ‘না’ ভোট দেন, যা প্রায় ৩১ শতাংশ। তিনি উল্লেখ করেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি অংশগ্রহণ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায়ও বেশি।
তিনি আরও বলেন, গণভোটের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছিলেন, জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে সম্ভব নয়। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি এবং পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকে। দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই গণতান্ত্রিক পথের মূল ভিত্তি।
আলী রীয়াজ বলেন, “এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন। জনগণ সেই আহ্বানে সাড়া দিয়েছেন। সংস্কারের পক্ষে জনরায় এসেছে।”
তিনি আরও উল্লেখ করেন, গণভোটের ফলাফলকে কেবল সংখ্যার বিচারে দেখলে হবে না। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের অর্পিত দায়িত্বেরও স্বীকৃতি বহন করছে এই জনরায়।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available