অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়ই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে।
তবে, শেখ হাসিনাকে সরকার কোনো ওয়ান-ওয়ে ট্রাভেল পারমিট দেবে কি না এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোনো মন্তব্য করেননি।
৯ নভেম্বর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয়ে কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা তোলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা একজন সন্ত্রাসী। তিনি একজন পলাতক সন্ত্রাসী। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা চাই হাসিনাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক।
সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ আবেদন সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তার এ ধরনের প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা তার বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান।
তবে, গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available