• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৪৯:০০ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিজিটাল প্ল্যাটফর্মে পিছিয়ে থাকা ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতিতে শ্রোতা হারাচ্ছে বাংলাদেশ বেতার

২৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪০:৩০

ডিজিটাল প্ল্যাটফর্মে পিছিয়ে থাকা ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতিতে শ্রোতা হারাচ্ছে বাংলাদেশ বেতার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: একসময় সংবাদ, বিনোদন ও তথ্য পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম থাকলেও প্রযুক্তির পরিবর্তন এবং শ্রোতাদের রুচির সঙ্গে তাল মেলাতে না পারায় জনপ্রিয়তা হারাচ্ছে বাংলাদেশ বেতার। টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে পিছিয়ে থাকায় নতুন প্রজন্মের কাছে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা আরও কমার আশঙ্কা তৈরি হয়েছে।

২৫ নভেম্বর বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশ বেতারের নিজস্ব একটি মূল্যায়ন প্রতিবেদনে এসব সমস্যা ও উত্তরণের সুপারিশ তুলে ধরা হয়।

প্রতিবেদনে বেতারের প্রধান সংকটগুলোর মধ্যে শ্রোতাসংখ্যা হ্রাস, শ্রোতা জরিপ ও গবেষণার অভাব, পুরোনো সম্প্রচারযন্ত্র, মানসম্মত অনুষ্ঠান ও সংবাদ প্রচারে ঘাটতি, দক্ষ জনবল ও প্রশিক্ষণের অভাব, পেশাগত বৈষম্য এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে প্রচলিত রেডিও শোনার প্রবণতা কমে যাওয়ায় এবং শ্রোতাদের বয়স, পেশা ও রুচি অনুযায়ী অনুষ্ঠান তৈরি করতে না পারায় এ সংকট আরও প্রকট হয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামো ও কর্মপরিকল্পনার ঘাটতির কারণে পডকাস্ট, ভিডিও কনটেন্ট ও অনলাইন স্ট্রিমিংয়ের মতো আধুনিক মাধ্যমগুলোতেও বেতার প্রত্যাশিতভাবে পৌঁছাতে পারছে না।

আরও পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ

সংবাদ ও অনুষ্ঠানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ১৭ বছর ধরে সরকারের চাপিয়ে দেওয়া অনুষ্ঠান ও সংবাদ প্রচারের কারণে বেতারের পরিবেশনায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জনগণের প্রত্যাশার প্রতিফলন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দীর্ঘদিন সরকারি নির্দেশনা ও কর্মকর্তাদের প্রাধান্য দেওয়ায় শ্রোতাদের চাহিদা এবং সমসাময়িক জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো উপেক্ষিত থেকেছে।

এ ছাড়া পুরোনো ও মেয়াদোত্তীর্ণ সম্প্রচারযন্ত্র বেতারের আরেকটি বড় সমস্যা হিসেবে উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন কেন্দ্রে ব্যবহৃত ট্রান্সমিটার, স্টুডিও সরঞ্জাম, অডিও কনসোল ও মাইক্রোফোনের বড় অংশই পুরোনো প্রযুক্তির। বিশেষ করে ১৯টি মিডিয়াম ওয়েভ (এমডব্লিউ) ট্রান্সমিটারের মধ্যে ১০টির এবং ৩৭টি এফএম ট্রান্সমিটারের মধ্যে ২৪টির—অর্থাৎ মোট ৩৪টি ট্রান্সমিটারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ফলে সম্প্রচারের গুণগত মান ও নিরবচ্ছিন্নতা ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবাদ পরিবেশনায় নিরপেক্ষতা, ভারসাম্য ও পেশাদারত্ব নিশ্চিত করা, নিয়মিত শ্রোতা জরিপ পরিচালনা এবং দুর্যোগকালীন ও জনসেবামূলক সম্প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া। পাশাপাশি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অনুষ্ঠান ও ভিডিও সংবাদ প্রচার, পডকাস্ট ও লাইভ স্ট্রিমিং চালু এবং বিজ্ঞাপন ও স্পনসরশিপের মাধ্যমে নিজস্ব আয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাংবাদিকতায় আসতে সুনির্দিষ্ট প্রশিক্ষণ প্রয়োজন: তথ্য প্রতিমন্ত্রী

বৈঠক শেষে কমিটির সদস্য শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানান, সংসদীয় কমিটি বাংলাদেশ বেতারের আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিয়েছে। বৈঠকে রেডিও, অনলাইন টিভি ও ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন মাধ্যমকে একটি অভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একীভূত করার পরামর্শ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তুরস্কের রেডিও অ্যান্ড টেলিভিশন করপোরেশন (টিআরটি) এবং অস্ট্রেলিয়ার এবিসির মডেল পর্যালোচনা করে আগামী বৈঠকে একটি প্রস্তাব উপস্থাপনের নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ