অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানির জন্য নির্ধারিত রয়েছে।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। আলোচিত মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত গত ১৮ অক্টোবর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, আলোচিত মামলাগুলোর আপিল দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিয়েছে।
সেই উদ্যোগের ধারাবাহিকতায় সাত খুন মামলাটি আজ আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার চার সহযোগী ও গাড়িচালককে অপহরণ করা হয়। ওই পথ দিয়ে যাওয়ার সময় আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও অপহরণের শিকার হন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাতজন হলেন—নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।
এ ঘটনায় দুটি হত্যা মামলা হয়। নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। অন্যদিকে আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা করেন।
দুটি মামলার বিচারিক কার্যক্রম একসঙ্গে সম্পন্ন করে ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলার অপর ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। পরে মামলার পেপারবুক প্রস্তুত করে হাইকোর্টে পাঠানো হয়। ২০১৭ সালের ২২ মে থেকে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি শেষ করতে আদালতের ৩৩ কার্যদিবস সময় লাগে।
২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন হাইকোর্ট।
মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামির মধ্যে রয়েছেন নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ র্যাবের চাকরিচ্যুত সাবেক ১১ সদস্য।
অন্য ১১ জন হলেন—র্যাবের চাকরিচ্যুত সাবেক হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্সনায়েক হীরা মিয়া, আরওজি-১-এর এ বি মো. আরিফ হোসেন, ল্যান্সনায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়্যব আলী, কনস্টেবল শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলীম, সৈনিক মহিউদ্দিন মুন্সী, সৈনিক আলামিন শরীফ ও সৈনিক তাজুল ইসলাম।
অন্যদিকে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে রয়েছেন র্যাবের চাকরিচ্যুত সাবেক সিপাহি আসাদুজ্জামান নূর ও সার্জেন্ট এনামুল কবির। নূর হোসেনের সহযোগী মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, ভারতে গ্রেপ্তার সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহানও এ তালিকায় রয়েছেন।
বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বহাল থাকা অপর ৯ আসামির মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানের ১৭ বছর, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহি নুরুজ্জামানের ১০ বছর করে এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনের সাত বছর করে কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি এখন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের শুনানির অপেক্ষায়।
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available