স্পোর্টস ডেস্ক: কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসা না পেলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখান থেকে ‘জীবিত ফিরে আসা’ সম্ভব হবে না বলে আশঙ্কা জানিয়েছেন তিনি।
নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।
১৬ নভেম্বর সোমবার প্রকাশিত এক খোলা চিঠিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে এ আবেদন জানান ইমরান।
চিঠিতে নিজের চিকিৎসা ও কারাগারের পরিবেশ নিয়ে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর তার আইনজীবী সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।
১১ নভেম্বরের ওই সাক্ষাতে ইমরান তার বক্তব্য বিচারপতিদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে চিঠিতে উল্লেখ করেন সালমান। তিনি লেখেন, ‘আমি তার নির্দেশনা অনুযায়ী বিশ্বস্ততার সঙ্গে এই চিঠি পৌঁছে দিয়েছি।
পরবর্তী কথাগুলো তারই।’
চিঠিতে ৭৪ বছর বয়সী ইমরান লিখেছেন, ‘এই নিরবচ্ছিন্ন পরিস্থিতি আমাকে এমন এক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।’
সাবেক এই ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ২০২৩ সাল থেকে কারাবন্দি। দুর্নীতি ও সহিংসতায় উসকানিসহ শতাধিক মামলার মুখোমুখি তিনি। তার স্ত্রী বুশরা বিবি ২০২৫ সালের ১৭ জানুয়ারি একটি পৃথক মামলায় গ্রেপ্তার হন। ওই মামলায় ইমরান ও বুশরা দুজনকেই সাজা দেওয়া হয়েছিল।
চিঠিতে ইমরান অভিযোগ করেন, দীর্ঘদিন একাকী বন্দিত্ব এবং যথাযথ চিকিৎসার সুযোগ না পাওয়ায় তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। তার দাবি, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে দীর্ঘ সময় একাকী বন্দি রাখা হয়েছে। দিনে ২২ ঘণ্টা পর্যন্ত বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে। পরিবারের সদস্য, আইনজীবী, ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলা, বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগও দেওয়া হচ্ছে না।
তিনি দাবি করেন, চলতি বছরে মাত্র চারবার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। বুশরা বিবি তার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন মাত্র একবার। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ তার সঙ্গে স্ত্রীর সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করেনি। একইভাবে তার দুই ছেলে কাসিম ও সুলাইমানকেও বাবার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ইমরান।
ইমরানের ভাষ্য অনুযায়ী, কারাগারের একটি মেডিকেল বোর্ড তার উদ্বেগজনিত সমস্যার কথা নথিভুক্ত করেছে। পাশাপাশি স্ত্রী ও পরিবারের সঙ্গে আরও ঘন ঘন যোগাযোগ, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশও বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তার।
চিঠিতে ইমরান লেখেন, ‘কারাগারে কেউ আমাকে উত্তর দিতে বা কথা বলতে পারে না। আমি সালাম দিলেও নয়, পবিত্র কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করলেও নয়। আমার মনে হয়, আমাকে অসুস্থ করে তোলা এবং মানসিকভাবে ভেঙে দেওয়াই এর উদ্দেশ্য।’
নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়েছেন ইমরান। তার অভিযোগ, বুশরার দৃষ্টিশক্তির অবনতি হয়েছে এবং চোখে আরও অস্ত্রোপচার প্রয়োজন। গত এপ্রিলে বুশরা রেটিনায় সমস্যার কারণে অস্ত্রোপচার করিয়েছিলেন। ইমরানের দাবি, এরপর তাকে আবার একাকী বন্দিত্বে পাঠানো হয় এবং চিকিৎসক ও চিকিৎসাসংক্রান্ত নথিতে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয়।
১১ নভেম্বর স্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে ইমরান বলেন, বুশরা আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। দ্রুত অস্ত্রোপচার না হলে তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।
ইমরান আরও জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং দুই ছেলের সঙ্গে সপ্তাহে দুবার টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার আদেশও ছিল। কিন্তু এসব নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তার। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
চিঠিতে ইমরান দাবি করেন, গত ১০ নভেম্বর তার রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে চিকিৎসার আবেদনকে মামলার আইনি কৌশল হিসেবে ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন ইমরান। তার দাবি, তিনি ও তার স্ত্রী কখনোই মামলা থেকে সুবিধা পাওয়ার উদ্দেশ্যে চিকিৎসার আবেদন করেননি। বরং মামলাগুলোতে আইনি প্রক্রিয়ায় নিজেদের নির্দোষ প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছেন।
চিঠিতে তিনি লেখেন, ‘আমি আপনাদের কাছে কোনো বিশেষ সুবিধা চাইছি না। ন্যায়বিচার হিসেবে শুধু সুপ্রিম কোর্টের সম্মানিত আদেশগুলো বাস্তবায়ন এবং আমাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।’
শেষে নিজের প্রতিষ্ঠিত হাসপাতাল ও দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন ইমরান। বলেন, একসময় তিনি অন্যদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, আর এখন নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য আবেদন জানাতে হচ্ছে।
ইমরানের ভাষায়, ‘আমি জীবিত থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে পারব। মানবিকতার সবচেয়ে মৌলিক জায়গা থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’
তবে ইমরানের চিঠিতে করা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available