আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত বন্ধে নতুন শর্ত সামনে এনেছে ইরান। দেশটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করছে। পাশাপাশি এ নৌপথ ব্যবহারকারী জাহাজ থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছে, যা থেকে বছরে বিপুল অঙ্কের রাজস্ব আয় সম্ভব বলে ধারণা করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র ইরানের এ পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটনের মতে, আন্তর্জাতিক জলপথে এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা অবৈধ এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য ঝুঁকিপূর্ণ।


বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘদিন ধরেই ইরান এই পথকে তাদের গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।

চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রণালীটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বিস্তারের কৌশল নিচ্ছে তেহরান।
ব্লুমবার্গ ইকোনমিকসের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যে তুলনামূলক সহজ, তা ইরান অনুধাবন করেছে এবং নতুন আয়ের উৎস হিসেবেও এ পথকে কাজে লাগাতে চাচ্ছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ পদক্ষেপকে ‘অবৈধ ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জলপথে এমন নিয়ন্ত্রণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবস্থান নিতে হবে।
অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম ভাষণে হরমুজ প্রণালী অবরোধের সুযোগ কাজে লাগানোর ইঙ্গিত দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইরান যদি টোল আদায় কার্যকর করতে পারে, তবে তাদের আয় সুয়েজ খালের আয়কেও ছাড়িয়ে যেতে পারে। সিএনএন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন বড় তেলবাহী ট্যাংকারপ্রতি ২০ লাখ ডলার ফি আদায় করা গেলে মাসিক আয় ৮০ কোটি ডলারেরও বেশি হতে পারে।
তবে আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ জেমস ক্রাসকা জানিয়েছেন, এ ধরনের টোল আরোপের কোনো আইনি ভিত্তি নেই। যদিও কিছু জাহাজ নিরাপদ পারাপারের জন্য গোপনে অর্থ পরিশোধ করছে, এমন গুঞ্জন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available