আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি বিমানের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ট্যাক্সিওয়ে দিয়ে উড্ডয়নের জন্য এগিয়ে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ অপর একটি বিমান, ফ্লাইট ২১৫২-এর ডানায় ধাক্কা দেয়। খবর বিবিসির।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিমান দুটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংঘর্ষে উভয় বিমানের ডানার প্রান্ত বা উইংটিপ পরস্পরের সংস্পর্শে আসে।
ঘটনার পর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জরুরি সাড়া দেওয়ার নির্দেশ দেন এবং অগ্নিনির্বাপণ কর্মীদের প্রস্তুত থাকতে বলেন। পরে বিমান দুটি আবার নির্ধারিত গেটে ফিরিয়ে নেওয়া হয়।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বিমান দুটি চলাচল থেকে সরিয়ে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। রক্ষণাবেক্ষণ দলের সদস্যরা সেগুলো পরীক্ষা করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুই ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, একই বিমানবন্দরে ২০২৫ সালের জানুয়ারিতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছিল। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available