আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী এবং খামেনির শেষকৃত্য আয়োজন কমিটির সম্পাদক আলী আকবর পুরজামশিদিয়ান বলেন, ইতোমধ্যে ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর আবেদন জানিয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষ থেকেও অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপক আগ্রহ প্রকাশ করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশের আলেম, ধর্মীয় নেতা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুতির কথা জানিয়েছেন।
জানানো হয়েছে, খামেনির শেষ বিদায়, জানাজা ও শোকানুষ্ঠান তেহরান, কোম, মাশহাদ এবং ইরাকের কয়েকটি শহরে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তেহরান, কোম ও খোরাসান রাজাভি প্রদেশে প্রাদেশিক সমন্বয় কেন্দ্র গঠন করা হয়েছে। পাশাপাশি সারা দেশে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে পৃথক সমন্বয় কমিটিও কাজ করছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ জুলাই খামেনির মরদেহ ইরাকে নেওয়া হবে। বাগদাদ অথবা নাজাফ বিমানবন্দরে রাষ্ট্রীয় অভ্যর্থনার পর নাজাফ ও কারবালায় জানাজা এবং শোকানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর ৯ জুলাই পবিত্র নগরী মাশহাদে জানাজা শেষে তাকে ইমাম রেজার মাজার-সংলগ্ন এলাকায় দাফন করা হবে বলে পরিকল্পনা রয়েছে। একই স্থানে তার পরিবারের কয়েকজন সদস্যকেও সমাহিত করা হতে পারে।
সূত্র: প্রেস টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available