আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আজ ২ অক্টোবর শুক্রবার মুম্বাইয়ে বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলন শুরুর কথা জানিয়েছে সংগঠনটি। একই দাবিতে নয়াদিল্লির জন্তর মন্তরে ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সমাবেশ করার কথা রয়েছে।
ভোটার তালিকা যাচাই ও সংশোধনকে কেন্দ্র করে ভারতে কয়েক মাস ধরে রাজনৈতিক বিতর্ক চলছে। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, মৃত, দ্বৈত ও অযোগ্য ভোটারদের বাদ দিয়ে তালিকা নির্ভুল করতেই যাচাই কার্যক্রম চালানো হচ্ছে।
বিতর্ক আরও জোরালো হয় ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনের পর। ওই প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে ভোটার তালিকা সংশোধন ও সংশ্লিষ্ট ডিজিটাল ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনের দুই সদস্য জ্ঞানেশ কুমারের কাছে অন্তত ১৪ বার প্রশ্ন বা উদ্বেগ জানিয়েছেন। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, কোনো প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ আলোচনার সময় ভিন্নমত থাকা স্বাভাবিক এবং কমিশনের কার্যক্রম আইন মেনেই পরিচালিত হয়েছে।
ককরোচ জনতা পার্টির নেতারা এর আগে জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে মুম্বাইয়ে আন্দোলন শুরু করে তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে।
এদিকে ভোটার তালিকা নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনও নিজেদের ভোটার তালিকা ব্যবস্থাপনা সফটওয়্যার পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। কমিশন জানিয়েছে, একজন জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে এবং একজন স্বাধীন প্রযুক্তি বিশেষজ্ঞকে নিয়ে গঠিত কমিটি সফটওয়্যারটি নির্বাচন আইন ও বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পরীক্ষা করবে।
এর আগে ককরোচ জনতা পার্টি বেকারত্ব ও নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মতো বিষয় নিয়ে তরুণদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। সংগঠনটি এবার ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আন্দোলনে নামছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available