• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৩১:১৪ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রাক্তনকে ভুলতে কত বছর লাগে, জানা গেল গবেষণায়

২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩১:৫৬

প্রাক্তনকে ভুলতে কত বছর লাগে, জানা গেল গবেষণায়
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগ একদিনে শেষ হয়ে যায় না। বরং দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে কমতে থাকে সেই মানসিক বন্ধন। নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত বন্ধন অর্ধেক কমতে গড়ে প্রায় ৪ দশমিক ১৮ বছর সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের গবেষক জিয়া ওয়াই. চং ও আর. ক্রিস ফ্রেলি এ গবেষণা পরিচালনা করেন। গবেষণাটি ২০২৫ সালে ‘সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়।

গবেষণায় অংশ নেন ৩২৮ জন প্রাপ্তবয়স্ক। তাদের প্রত্যেকের অন্তত দুই বছর স্থায়ী প্রেমের সম্পর্ক ছিল, যা পরে ভেঙে যায়। অংশগ্রহণকারীদের সম্পর্ক গড়ে প্রায় সাড়ে চার বছর স্থায়ী হয়েছিল এবং গবেষণার সময় বিচ্ছেদের পর গড়ে প্রায় পাঁচ বছর পেরিয়ে গিয়েছিল।

গবেষকেরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত টান পরিমাপ করেন। প্রাক্তনের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা, তাঁর কাছ থেকে নিরাপত্তাবোধ এবং সম্পর্কসংশ্লিষ্ট অন্যান্য আবেগ কতটা রয়ে গেছে—এসব বিষয় এতে বিবেচনা করা হয়। একই ধরনের অনুভূতি অপরিচিত ব্যক্তিকে ঘিরে কতটা রয়েছে, সেটিও তুলনা করা হয়।

গবেষণার পরিসংখ্যানগত বিশ্লেষণে দেখা যায়, সময়ের সঙ্গে অধিকাংশ মানুষের প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত বন্ধন ধীরে ধীরে কমে আসে। দীর্ঘমেয়াদি মডেল অনুযায়ী, শেষ পর্যন্ত এই বন্ধন একজন অপরিচিত ব্যক্তিকে ঘিরে থাকা আবেগের কাছাকাছি চলে যেতে পারে।

তবে এই প্রক্রিয়া বেশ ধীর। গবেষকদের হিসাবে, আবেগগত বন্ধন অর্ধেক কমতে গড়ে প্রায় ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। এই হিসাবকে দীর্ঘমেয়াদি প্রবণতায় সরলভাবে প্রয়োগ করলে প্রায় আট বছরের একটি সময়কাল পাওয়া যায়। তবে এর অর্থ এই নয় যে প্রত্যেক মানুষকে প্রাক্তনকে পুরোপুরি ভুলতে আট বছর অপেক্ষা করতে হবে। গবেষণাটি মূলত আবেগগত বন্ধন কমার দীর্ঘমেয়াদি প্রবণতা নিয়ে।

গবেষণায় আরও দেখা গেছে, প্রাক্তন সঙ্গীর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলে আবেগগত বন্ধন দীর্ঘস্থায়ী হওয়ার প্রবণতা বেশি। যাদের মধ্যে উদ্বেগপ্রবণ সংযুক্তির প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রেও এই বন্ধন তুলনামূলক দীর্ঘস্থায়ী হতে পারে।

অন্যদিকে, প্রাক্তন সঙ্গীর সঙ্গে সন্তান থাকলে বিচ্ছেদের পর শুরুতে আবেগগত বন্ধন তুলনামূলক বেশি ছিল। তবে সময়ের সঙ্গে সেই বন্ধন সন্তানহীন সাবেক দম্পতিদের তুলনায় দ্রুত কমার প্রবণতা দেখা গেছে।

গবেষণায় নতুন সম্পর্কে জড়ানো কিংবা নারী-পুরুষের পার্থক্য প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত বন্ধন কমার গতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি বলেও দেখা গেছে।

গবেষকেরা মনে করিয়ে দিয়েছেন, বিচ্ছেদের পর প্রাক্তনের প্রতি আবেগ কমে যাওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা সবার জন্য এক নয়। সম্পর্কের ধরন, ব্যক্তিগত বৈশিষ্ট্য ও বিচ্ছেদের পরের পরিস্থিতির ওপর নির্ভর করে এই সময় কম-বেশি হতে পারে।

সূত্র: স্পেকট্রাম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ