• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৪:০৫ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য

২০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:০৪

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নিয়েছে দেশটি। লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হচ্ছে। খবর রয়টার্সের।

১৯ নভেম্বর বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এসব পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ নির্যাতনের নিন্দা জানায় যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে সমর্থন জানিয়ে অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, এই জঘন্য অপরাধগুলোর জন্য ব্যবস্থা নিতে এবং জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ। আগামী দিনগুলোতে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি আইসিজের রায়: এইচআরডব্লিউ

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা রাখা প্রয়োজন। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মিয়ানমারকে আদালতের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

এর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার করা মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেন। ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর অভিযান চলাকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন আদালত। ১৫ বিচারকের মধ্যে ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত হয়।

আদালত রায়ে জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের হত্যা, শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং জনগোষ্ঠীটির মধ্যে জন্মনিয়ন্ত্রণে বাধ্য করার মতো গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলার প্রমাণও পেয়েছেন বিচারকরা।

আরও পড়ুন

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি-জিনপিং ও পুতিনের

আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা, অপরাধীদের বিচার না করা এবং গণহত্যা-সংক্রান্ত প্রমাণ সংরক্ষণে ব্যর্থতার জন্যও দায়ী করেছেন। একই সঙ্গে দায়ীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করা, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে পুনরায় একত্র করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে।

গাম্বিয়ার করা এ মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে। প্রথমবারের মতো জাতিসংঘের সর্বোচ্চ আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করেছেন। রায়টি চূড়ান্ত ও বাধ্যতামূলক।

আরও পড়ুন

রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত: আইসিজে সভাপতি

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে কক্সবাজার ও আশপাশের শিবিরগুলোতে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসন এবং দীর্ঘদিনের সংকটের স্থায়ী সমাধানের প্রশ্নে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৩৩






আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:২১

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬