আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে সহায়তা করতে এবং পরিস্থিতি মোকাবিলায় ইরানকে সাধ্যমতো সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৮ অক্টোবর বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বৈঠকে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরানকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত মস্কো। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে তেহরান ‘বাস্তবমুখী প্রচেষ্টা’ চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান জানান, কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে আসবে না তেহরান। আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিবার আলোচনার সময়ই নতুন করে হামলার ঘটনা ঘটে। তা সত্ত্বেও ইরান আলোচনার টেবিল ছেড়ে যাবে না।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং এর অবসানে কূটনৈতিক উদ্যোগ নিয়ে দুই নেতার আলোচনায় গুরুত্ব পেয়েছে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available