ডেস্ক রিপোর্ট: কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ একযোগে অভিযান চালায়। কুমিল্লা নগরীসহ বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোরদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫২ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান শুরু হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সর্বশেষ পাঁচ ধাপের অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের অধিকাংশই শিক্ষার্থী। বাকি ৬২৬ জনকে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে।
সূত্র: মানবজমিন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available