আন্তর্জাতিক ডেস্ক: গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
১১ আগস্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে সামরিক ঘাঁটি জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাম্প। এ সময় ইরান প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন ট্রাম্প। ইরানকে বিশ্বাস করেন না জানিয়ে তিনি বলেন, দেশটি বারবার তাকে মিথ্যা বলেছে।
ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতে রেখেছে। সেগুলো অপসারণের কাজ করছে মার্কিন নৌবাহিনী এবং শিগগিরই পুরো প্রণালি মাইনমুক্ত করা হবে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে হরমুজে ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করার পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে তেহরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রও।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির পর হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নেয় ইরান। একই সময়ে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌবাহিনীর অবরোধও প্রত্যাহার করা হয়।
তবে গত ১৩ জুলাই ইরান ইসলামাবাদ সমঝোতা থেকে সরে গিয়ে হরমুজ প্রণালিতে আবারও অবরোধ আরোপ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা, সিএনএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available