আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের পরিচয় এবং শহরটির ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে অভিন্ন কূটনৈতিক অবস্থান গড়তে জর্ডানের রাজধানী আম্মানে বৈঠক করেছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
৫ আগস্ট বুধবার অনুষ্ঠিত বৈঠকে জেরুজালেমবিষয়ক আরব মন্ত্রীপর্যায়ের কমিটির সদস্যদের পাশাপাশি আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এবং তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।
বৈঠকে জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি, আল-আকসা মসজিদসহ ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অবস্থা এবং এ বিষয়ে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
উদ্বোধনী বক্তব্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি অভিযোগ করেন, পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ, ভূমি দখল, সম্পত্তি বাজেয়াপ্ত এবং ফিলিস্তিনিদের ওপর বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে শহরটির পরিচয় পরিবর্তনের চেষ্টা করছে ইসরাইল। তিনি আরও অভিযোগ করেন, আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের চেষ্টা এবং ধর্মীয় স্বাধীনতার ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জেরুজালেমের আরব, ইসলামি ও খ্রিস্টান পরিচয় পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। তিনি পবিত্র স্থানগুলোর ওপর জর্ডানের হাশেমি তত্ত্বাবধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং অবৈধ বসতি সম্প্রসারণকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য হুমকি বলে উল্লেখ করেন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গাজায় ইসরাইলের সামরিক পদক্ষেপ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণের সমালোচনা করেন। তিনি বলেন, পূর্ব জেরুজালেম ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হওয়া উচিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে কার্যকর ভূমিকা নেওয়া।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশের নিন্দা জানিয়ে বলেন, অধিকৃত পূর্ব জেরুজালেম কিংবা এর ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর চরিত্র পরিবর্তনের যেকোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি অবৈধ বসতি সম্প্রসারণ ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এ ছাড়া আলজেরিয়া, তিউনিসিয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরাও জেরুজালেমের ঐতিহাসিক, ধর্মীয় ও আইনগত অবস্থান বজায় রাখার পক্ষে মত দেন এবং শহরটিকে ঘিরে চলমান পরিস্থিতিতে সমন্বিত আরব ও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানান।
জেরুজালেমবিষয়ক আরব মন্ত্রীপর্যায়ের কমিটিতে জর্ডান, সৌদি আরব, মিসর, কাতার, ইরাক, আলজেরিয়া, তিউনিসিয়া, সোমালিয়া ও মরক্কো রয়েছে। জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অভিভাবক হিসেবে জর্ডান এই বৈঠকের আয়োজন করে।
সূত্র: মিডল ইস্ট আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available