আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে গেলে তা আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে।
১২ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরা আমিরাতের প্রবেশপথে শেখ খলিফা বিন জায়েদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
দেশটির পুলিশ জানায়, যানজটে আটকে থাকা গাড়িগুলোর কাছে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে সেটি উল্টে গিয়ে ধীরগতিতে চলা বা যানজটে থেমে থাকা আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে আগুন আশপাশের ক্ষতিগ্রস্ত যানবাহনেও ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স, উদ্ধারকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
ফুজাইরা পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
অন্যদিকে আহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available