আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। ৫ সেপ্টেম্বর শনিবার কায়লোসহ তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের যুদ্ধজাহাজে হামলা চালানোর পর এর জবাবে ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
ওমান উপসাগরে ইরানের ট্যাংকারটি ডুবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।
৬ সেপ্টেম্বর রোববার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মার্কিন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, মার্কিন সেনাদের ‘পেশাদারিত্ব ও নিখুঁততার’ কারণে এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। ট্যাংকারটি সমুদ্রের তলদেশে থাকা ইরানের নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দুই দেশের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ চলে। সেই সময় থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, তারা ইরানের নৌবাহিনীকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশটির বেশির ভাগ যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে।
নতুন করে ইরানের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে সেন্টকম মূলত তাদের আগের দাবিই পুনর্ব্যক্ত করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তিনটি মার্কিন যুদ্ধজাহাজ এবং অনুমতিবিহীন রুটে চলাচলের অভিযোগে হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
শনিবার ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, বিপ্লবী গার্ড তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালানোর পর প্রতিক্রিয়া হিসেবে ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
তবে ইরানের নতুন হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available