• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৪:৫১ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহুবিরোধী জোটে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী আখ্যা দিল আরব দল

২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:০৪

নেতানিয়াহুবিরোধী জোটে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী আখ্যা দিল আরব দল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার অবস্থান নিয়েছে ইসরায়েলি আরব দল রা’আম। দলটির প্রধান মনসুর আব্বাস ২৮ নভেম্বর শনিবার রাতে দেশটির টেলিভিশন চ্যানেল-১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান জানান।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারে মনসুর আব্বাস সরাসরি ঘোষণা না দিলেও হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা একটি বিলে তাঁর দলের সহ-উদ্যোক্তা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি জানান, ব্যক্তিগতভাবে ওই বিলের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে তিনি সরাসরি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন।

এর মধ্য দিয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির জোটে রা’আমের যোগ দেওয়ার অন্যতম বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

ঝাড়খণ্ডে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

মনসুর আব্বাস জানান, আইজেনকোটের জোটে যোগ দেওয়ার জন্য নির্ধারিত চারটি শর্তই তারা পূরণ করেছেন। শর্তগুলো হলো—ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানো, সব নাগরিকের বাধ্যতামূলক জাতীয় সেবার পক্ষে থাকা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।

টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আর আট দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যেই তিনি নতুন সরকার গঠন করতে চান।

বর্তমানে তাঁর নেতৃত্বাধীন চার দলের জোটে রয়েছে ৪৮টি আসন। সরকার গঠনের প্রচেষ্টায় এর সঙ্গে হারেদি ধর্মীয় গোষ্ঠীর ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রা’আমের সমর্থন এবং আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের সংসদীয় সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি।

আরও পড়ুন

ক্ষমতায় থাকতে আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

জয়েন্ট লিস্ট সরাসরি সরকারে যোগ না দিলেও সংসদে প্রয়োজনীয় সমর্থন দিয়ে সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে রা’আমের অংশগ্রহণে সরকার গঠনের পথ আরও সহজ হতে পারে।

এদিকে মনসুর আব্বাস জানিয়েছেন, তাঁর দল ইসরায়েলের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি পরিচালনার দায়িত্ব নিতে চায় না। বরং সরকার গঠনের প্রক্রিয়ায় অংশ নিয়ে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় তারা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:১১