স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। টানা ১০০ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছে ক্লাবটি। সৌদি প্রো লিগের ইতিহাসে এর আগে কোনো দলই টানা এত ম্যাচে গোল করতে পারেনি।
২৮ নভেম্বর শনিবার লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে আল হাজমের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের ২৫ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তার গোলে এগিয়ে যায় দলটি। পরে ভিএআরের মাধ্যমে গোলটি যাচাই করে ২৬ মিনিটে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি। আর এতেই টানা ১০০ ম্যাচে গোল করার মাইলফলক স্পর্শ করে আল নাসর।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ধারার শুরু হয়েছিল। এরপর প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করেছে দলটি। আল হাজমের বিপক্ষে ম্যাচে সেই ধারাবাহিকতা পূর্ণ করে শততম ম্যাচের মাইলফলক।
আল নাসরের এই অর্জন দলটির ধারাবাহিক আক্রমণাত্মক পারফরম্যান্সেরই প্রমাণ। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ—দুই জায়গাতেই গোল করার সামর্থ্য দেখিয়েছে তারা। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত অন্য কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।
দলটির এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশ্ব ফুটবলের তারকা খেলোয়াড়েরা। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর সঙ্গে রয়েছেন স্বদেশি জোয়াও ফেলিক্স ও সেনেগালের সাদিও মানে। তাঁদের পাশাপাশি অন্য খেলোয়াড়দের অবদানেও প্রতিপক্ষের জালে নিয়মিত বল পাঠিয়ে যাচ্ছে আল নাসর।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available