আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পাসপোর্টধারীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ আরও কিছুটা কঠিন হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া—এই চার দেশ ভারতীয় নাগরিকদের জন্য তাদের ভিসা ও অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে। ফলে আগের মতো ভিসামুক্ত বা ‘অন-অ্যারাইভাল’ সুবিধা আর পাচ্ছেন না ভারতীয় ভ্রমণকারীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এসব পরিবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক পাসপোর্ট সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর সর্বশেষ সংস্করণেও ভারতের অবস্থানের অবনতি হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতের অবস্থান ছিল ৭৫তম, যা বর্তমানে নেমে ৮১তম স্থানে এসেছে। বর্তমানে ভারতীয় নাগরিকরা বিশ্বের ৫৫টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল ৫৭টি।
যে চার দেশে পরিবর্তন এসেছে
ইরান: ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ সুবিধা স্থগিত করেছে ইরান। ফলে দেশটিতে ভ্রমণের আগে এখন আগাম ভিসা বা প্রয়োজনীয় অনুমোদন নিতে হচ্ছে।
বলিভিয়া: অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করে সম্পূর্ণ ই-ভিসা ব্যবস্থা চালু করেছে দেশটি। এখন ভ্রমণের আগে অনলাইনে আবেদন করে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
কেপ ভার্দে: ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল সুবিধা বাতিল করেছে দেশটি। বর্তমানে বৈধ ভিসা ছাড়া সেখানে প্রবেশ করা যাবে না।
নিকারাগুয়া: ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নীতির আওতায় ভারতীয়দের ‘ক্যাটাগরি সি’ বা কনসালটেড ভিসা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ভ্রমণের আগে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের আগাম অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
পর্যটন ও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন দেশের ভিসা ও অভিবাসন নীতিতে নিয়মিত পরিবর্তন আসে। তাই বিদেশ সফরের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভিসা নীতিমালা যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available