• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫১:৪৬ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতা ছাড়তে নারাজ নেতানিয়াহু, গড়তে চান জাতীয় ঐক্যের সরকার

১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:৪৬

ক্ষমতা ছাড়তে নারাজ নেতানিয়াহু, গড়তে চান জাতীয় ঐক্যের সরকার
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী নেতা গাদি আইজেনকোটের প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিকল্প নেই। তবে নেতানিয়াহুর এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন আইজেনকোট। খবর আল জাজিরার।

স্থানীয় সময় ১৪ নভেম্বর শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ১২ নভেম্বর বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে তাঁর বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। এমন সরকার গঠন করা গেলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহুর অভিযোগ, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না।

নেতানিয়াহু বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই, চলুন আমরা এক জায়গায় বসি।’

আরও পড়ুন

যুদ্ধের ক্ষতিপূরণ দাবি আরব জোটের, বিচার চায় ইরান

তবে কয়েক মিনিটের মধ্যেই নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেন আইজেনকোট। সাবেক এই সেনাপ্রধান বলেন, নেতানিয়াহু জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন। আইজেনকোটের ভাষায়, আলোচনা যখন ইতোমধ্যে শুরু হয়েছে, তখন নেতানিয়াহুর নতুন করে আলোচনার আহ্বান রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে। পার্লামেন্টের ৬৭ জন সদস্য তাঁকে সমর্থন জানিয়েছেন, যাঁদের মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর প্রতিনিধিরাও রয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা।

আরও পড়ুন

হুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিত করল সৌদি জোট

সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে তিনি তাঁর সরকারে আরব নেতৃত্বাধীন দলগুলোকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

আইজেনকোটের পরিকল্পনা অনুযায়ী, তাঁর জোটের ৪৮ জন সদস্য নেতানিয়াহুর পক্ষে থাকা ৪৬ জনের বিপক্ষে ভোট দেবেন। অন্যদিকে আরব ও কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর ২৬ জন সদস্য ভোটদানে বিরত থাকতে পারেন। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের অনুমোদন পাওয়া সম্ভব।

তবে এমন সংখ্যালঘু সরকার গঠিত হলে ইসরায়েলের ‘পতন’ ঘটবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।

আরও পড়ুন

ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

নেতানিয়াহুর প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে মধ্যপন্থী ও ডানপন্থী ইহুদি দলগুলোকে রাখার কথা বলা হয়েছে। তবে আরব দলগুলোকে বাদ দিতে চান তিনি। তাঁর মিত্ররা অভিযোগ করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে’ জয় পেয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

১৩ নভেম্বর শুক্রবার আইজেনকোট নেতানিয়াহুর এই প্রচারণাকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দেন। তিনি জানিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য এবং বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়নিজম পার্টির সঙ্গে কাজ করতে তাঁর আপত্তি নেই, যদি ঐক্যের বিষয়ে তাঁদের প্রতিশ্রুতি আন্তরিক হয়। তবে কট্টরপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছেন তিনি। বিশেষ করে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের সরকারে না রাখার বিষয়ে জোর দিয়েছেন আইজেনকোট।

এদিকে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার নেসেটের স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এ পদে রয়েছেন নেতানিয়াহুর মিত্র আমির ওহানা। তাঁর বিপরীতে সাবেক সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে প্রার্থী করেছে বিরোধী দল।

আরও পড়ুন

ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরি, আহত ৩২

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০