আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জন্য ‘উপযুক্ত ও লাভজনক’ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপের কোনো প্রয়োজন নেই।
২৩ এপ্রিল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে সংঘাত বন্ধে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও লাভজনক না হওয়া পর্যন্ত ওয়াশিংটন কোনো সমঝোতায় যাবে না। তিনি আরও বলেন, স্থায়ী চুক্তিতে পৌঁছাতে প্রয়োজন হলে তিনি অপেক্ষা করবেন।


এ সময় ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে বিরক্ত প্রতিক্রিয়া জানান ট্রাম্প। প্রশ্নটিকে ‘নির্বোধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমাদের এর প্রয়োজন নেই। কেন আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাব? সাধারণ অস্ত্র দিয়েই আমরা যা প্রয়োজন তা করতে সক্ষম।’ একই সঙ্গে তিনি মন্তব্য করেন, পারমাণবিক অস্ত্র কারও ব্যবহার করা উচিত নয়।

এদিকে ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনকারী একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, জাহাজটি তাদের ইন্দো-প্যাসিফিক কমান্ডের আওতাভুক্ত এলাকায় ছিল এবং নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের তেল পরিবহনে জড়িত ছিল।
হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প আরও কঠোর অবস্থান জানিয়ে মাইন স্থাপনকারী কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়ার কথা জানান। একইসঙ্গে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতিও জোরদার করেছে ওয়াশিংটন। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ২৬টি যুদ্ধজাহাজ, যার মধ্যে দুটি বিমানবাহী রণতরী রয়েছে, বলে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতার ওপর এবং দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রস্তুতির কথা জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তেল আবিব।
এদিকে আলোচনার পথ খোলা রাখতে চায় মাসুদ পেজেশকিয়ান-এর প্রশাসনও। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, তেহরান সমঝোতা চায়, তবে মার্কিন অবরোধ, অঙ্গীকার ভঙ্গ এবং হুমকি-ধামকি আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই একদিকে কূটনৈতিক বার্তা, অন্যদিকে সামরিক চাপ—দুই পথেই পরিস্থিতি জটিল হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available