আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছেন। ২৩ আগস্ট রোববার স্থানীয় সময় ভোরে এ ভূমিকম্প আঘাত হানে।
জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি জেলার ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে। দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাশাপাশি রাজধানী টোকিওতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া, চিবা ও ইবারাকি—এই চার জেলায় ২৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সাইতামা ও কানাগাওয়ায় নয়জন করে, চিবায় চারজন এবং ইবারাকিতে একজন আহত হন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, আহতদের বেশির ভাগই ভূমিকম্পের সময় বিছানা থেকে পড়ে গিয়ে অথবা দরজা ও আসবাবপত্রে আঘাত পেয়ে আহত হয়েছেন। কানাগাওয়ার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন।
ভোরে ভূমিকম্পটি আঘাত হানায় অধিকাংশ মানুষ তখন ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কম্পনে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কের কিছু অংশে বিঘ্ন ঘটে। রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত রেলপথ ও বিদ্যুৎব্যবস্থা মেরামতের কাজ শুরু হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যালোচনায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটির অবকাঠামো ও জরুরি সেবা ব্যবস্থা নিয়মিত ভূমিকম্প মোকাবিলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
সোর্স: এএফপি, ইন্ডিয়া টুডে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available