ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে অফিস করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩ আগস্ট রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়।
রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন মির্জা ফখরুল। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হয়।
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
সূত্র: ঢাকা পোস্ট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available