• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১১:৪৫ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

নাইজেরিয়ায় মধ্যরাতে তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১২:৩৭

নাইজেরিয়ায় মধ্যরাতে তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের সময় বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে দেশটির রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ওক্রিকা ও আশপাশের এলাকার দুই শতাধিক তরুণ কাঠের নৌকায় করে জেটিতে যান। সেখানে একটি পাইপলাইনের অবৈধ সংযোগস্থল থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের চেষ্টা করছিলেন তারা।

এ সময় জেটিতে রপ্তানির জন্য একটি জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল। একই সময়ে অবৈধ সংযোগস্থল থেকে পণ্য নৌকায় তোলার সময় ঘন ধোঁয়ায় আক্রান্ত হন সেখানে থাকা লোকজন। অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন এবং কয়েকজন নদীতে পড়ে ডুবে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

রিভার্স প্রদেশ পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ঘটনার প্রকৃত চিত্র ও ভয়াবহতা নির্ধারণে তদন্ত চলছে। পুলিশ এখনো নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি।

নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া)ও একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস জানান, নিহতদের মধ্যে অন্তত ৩৭ জনকে স্থানীয় বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে তাদের কাছে তথ্য এসেছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং নদীতে মরদেহ ভাসতে দেখা গেছে বলেও জানান তিনি।

ফাইনফেসের ভাষ্য অনুযায়ী, পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের একটি পাইপলাইনের অবৈধ সংযোগস্থলে নৌকায় পণ্য সংগ্রহের চেষ্টা চলছিল। একই সময়ে পাইপলাইনের মাধ্যমে উচ্চচাপে পণ্য সরবরাহ করা হচ্ছিল। এতে সেখানে থাকা ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন।

নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধ তেল সংগ্রহ, চোরাচালান ও অবৈধ শোধন দীর্ঘদিনের সমস্যা। এসব কর্মকাণ্ড বন্ধে দেশটির নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযানে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং নয়জনকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে এক লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল এবং ২৬ হাজার লিটারের বেশি পেট্রোলিয়ামজাত পণ্য উদ্ধারের কথাও জানিয়েছে সেনাবাহিনী।

এর আগে ২৮ আগস্ট রিভার্স প্রদেশে অভিযান চালিয়ে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং ৩৪ হাজার লিটার অবৈধভাবে পরিশোধিত বলে সন্দেহ করা পেট্রোলিয়ামজাত পণ্য উদ্ধারের কথা জানিয়েছিল নাইজেরিয়ার নৌবাহিনী।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৩০

ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:১৮


যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:০১