• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১২:৩২ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার প্রস্তুতি, মার্কিন সেনা মোতায়েনের মেয়াদ বাড়ছে ২০২৭ পর্যন্ত

৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৭:২৬

ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার প্রস্তুতি, মার্কিন সেনা মোতায়েনের মেয়াদ বাড়ছে ২০২৭ পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক বিকল্প খোলা রাখার সুযোগ দিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনা মোতায়েনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির বরাতে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্বল্পমেয়াদি ও দ্রুত শেষ করার লক্ষ্য থাকলেও পরিস্থিতি এখন দীর্ঘায়িত হওয়ার দিকে যাচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তাদের সঙ্গে রয়েছে ১৯টি যুদ্ধজাহাজ, বিভিন্ন যুদ্ধবিমান স্কোয়াড্রন, বিমান প্রতিরক্ষা ইউনিট ও প্যারাট্রুপার।

মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন ইউনিটের মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়েছে। আগে অনেক ইউনিটের দায়িত্ব পালনের মেয়াদ ছিল নয় মাস। এখন তা বাড়িয়ে ১২ মাস পর্যন্ত করা হয়েছে। কিছু ইউনিট এরই মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

দীর্ঘমেয়াদি মোতায়েনের কারণে মার্কিন সেনাসদস্য, তাদের পরিবার এবং সামরিক সরঞ্জামের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক তৎপরতার পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। তেহরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে এসে আলোচনার টেবিলে ফেরাতে নিষেধাজ্ঞা আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং অর্থনৈতিক সংকটের কারণে ইরান অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুদ্ধের বিস্তৃতি নিয়ে ট্রাম্পের সহযোগীদের মধ্যে রাজনৈতিক উদ্বেগও রয়েছে। তবে ট্রাম্প বলেছেন, নির্বাচনের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না।

এরই মধ্যে বুধবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো সময় ইরানে আবার হামলা চালাতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। তার দাবি, মার্কিন নজরদারি এড়িয়ে ইরানের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক অবরোধও আরও জোরদার করার পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের মোতায়েন ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা দ্রুত শেষ হওয়ার পরিবর্তে দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৩০

ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:১৮


যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:০১