বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ৪৮ জনের
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে মিথানল মেশানো বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আক্রান্ত প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ওন্দো রাজ্যের ওদিগবো ও আইরেলে স্থানীয় সরকার এলাকায় বিষক্রিয়ার এ ঘটনা ঘটে। এতে মোট ১৮২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে কয়েকজনের কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো এবং মস্তিষ্কের ক্ষতির মতো গুরুতর শারীরিক জটিলতা দেখা দিয়েছে।স্থানীয়ভাবে তৈরি উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’-এ বিষাক্ত মিথানল মেশানোর কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উৎপাদকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে।নাইজেরিয়ার গ্রামীণ এলাকাগুলোতে তুলনামূলক কম দামের দেশি তৈরি মদ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে এসব পানীয় উৎপাদন ও বিক্রিতে যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় বিষক্রিয়ার ঝুঁকি রয়েছে।এদিকে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংস্থা মদ শিশুদের নাগালের বাইরে রাখতে প্লাস্টিকের পাত্রে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস