আন্তর্জাতিক ডেস্ক: ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তেহরানকে এ ধরনের অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২৪ নভেম্বর মঙ্গলবার ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন কাটজ। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএনসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর বক্তব্য প্রকাশ করেছে।
কাটজ বলেন, ‘ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। ইসরায়েল তাদের (ইরানকে) এই সক্ষমতা অর্জন করতে দেবে না।’
এর আগে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা তৈরি করছে ইরান।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইরানের পরিকল্পনাটি তাৎক্ষণিক হামলার ইঙ্গিত নয়। বরং ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহারের জন্য বিভিন্ন বিকল্প তৈরি রাখার প্রচেষ্টা। তবে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা বা ইচ্ছা তেহরানের রয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
ডার্টি বোমা হলো প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি এক ধরনের বিস্ফোরক। বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়াই এর উদ্দেশ্য।
তবে সিএনএনের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি একে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার মতো বলে আখ্যা দিয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘কেউ এসব বিশ্বাস করছে না।’
মঙ্গলবারের ব্রিফিংয়ে ইরানের বিরুদ্ধে আগাম সামরিক হামলার সম্ভাবনাও উত্থাপন করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ।
তিনি বলেন, ‘আমরা যদি বুঝতে পারি, ইরানিরা ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে, তাহলে কি আগেই সেনাবাহিনীকে হামলার নির্দেশ দিয়ে সেই হুমকি নস্যাৎ করা যায় না? ইরানিরা যদি প্রথমে আমাদের ওপর হামলা চালায়, তাহলে সেটি হবে ব্যর্থতা।’
এদিকে, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন গাদি আইজেনকটকে। অন্যদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। এ ধরনের সরকারে তাঁর দল লিকুদকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি।
ইরানকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও মতপার্থক্য দেখা দিয়েছে। নেতানিয়াহু ইরানের হুমকি মোকাবিলায় কঠোর অবস্থানের পক্ষে থাকলেও আইজেনকট এখনই সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না।
২৩ নভেম্বর সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে আইজেনকট বলেন, ‘ইরানের হুমকি ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর হুমকি।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে ইসরায়েলের জন্য এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার মোকাবিলায় নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
আইজেনকটের এ বক্তব্যের পর নেতানিয়াহু নিরাপত্তাঝুঁকিকে খাটো করে দেখার সমালোচনা করেন এবং জাতীয় ঐক্যের সরকারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এপ্রিলে যুদ্ধবিরতি হলেও পরবর্তী সময়ে আবারও সংঘাত ও উত্তেজনা দেখা দেয়। ইরানকে ঘিরে নতুন করে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে আলোচনা চলছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available