• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:১৯:০০ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

মহাকাশযাত্রায় ইতিহাস গড়লেন পাকিস্তানি নভোচারী

২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৯:২৪

মহাকাশযাত্রায় ইতিহাস গড়লেন পাকিস্তানি নভোচারী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মহাকাশ কর্মসূচিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারীকে নিয়ে সফলভাবে মহাকাশে যাত্রা করেছে দেশটির শেনঝৌ-২৪ মহাকাশযান। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছানো প্রথম পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়েছেন মুহাম্মদ জিশান আলী। একই সঙ্গে তিনি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যেতে যাওয়া প্রথম বিদেশি নভোচারী।

২৫ নভেম্বর বুধবার বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশ সময় তখন সকাল ৬টা ১৮ মিনিট। লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছায়। চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে।

এই অভিযানে পাকিস্তানি নভোচারী জিশান আলীর সঙ্গে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাঁদের মধ্যে তাং হংবো মিশন কমান্ডার এবং উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

উৎক্ষেপণের আগে জিউকুয়ান কেন্দ্রে তিন নভোচারীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় চীন ও পাকিস্তানের পতাকা হাতে শত শত মানুষ তাঁদের শুভকামনা জানান। ঐতিহাসিক মুহূর্তটি ধারণ করতে উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

পাকিস্তানের জন্য এ অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে দেশটির নাগরিক নামিরা সেলিম ২০২৩ সালে বাণিজ্যিক মহাকাশযানে করে উপকক্ষীয় মহাকাশ ভ্রমণ করেছিলেন। তবে জিশান আলী প্রথম পাকিস্তানি হিসেবে পৃথিবীর কক্ষপথে পৌঁছালেন। একই সঙ্গে চীনের নিজস্ব মহাকাশ কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারীও তিনি।

চীনের মানববাহী মহাকাশ সংস্থার পরিকল্পনা অনুযায়ী, জিশান আলী তিয়াংগং মহাকাশ স্টেশনে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করবেন। এ সময় তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। পরে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।

আরও পড়ুন

ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অন্যদিকে, চীনের নভোচারী তাং হংবো ও উ ই প্রায় ছয় মাস মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। তাং হংবোর জন্য এটি তৃতীয় মহাকাশ অভিযান। এর আগে তিনি শেনঝৌ-১২ ও শেনঝৌ-১৭ মিশনে অংশ নিয়েছিলেন। এই অভিযানের মধ্য দিয়ে তিনি প্রথম চীনা নভোচারী হিসেবে তিনবার তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়ার কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন। উ ইয়ের জন্য এটি প্রথম মহাকাশ অভিযান।

শেনঝৌ-২৪ মিশনে শুধু নভোচারী পরিবহন নয়, বৈজ্ঞানিক গবেষণাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ অভিযানে ৯০টির বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এসব গবেষণার মধ্যে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মহাকাশ চিকিৎসা এবং নতুন প্রযুক্তির পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানি নভোচারীও যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। এর মধ্যে মহাকাশে অণুজীবের বৃদ্ধি এবং বীজের ওপর মহাকাশ পরিবেশের প্রভাব নিয়ে গবেষণাও রয়েছে।

এদিকে, শেনঝৌ-২৩ মিশনের নভোচারীরা এরই মধ্যে তিয়াংগং মহাকাশ স্টেশনে ১৮০ দিনের বেশি সময় কাটিয়েছেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, তাঁরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন এবং নতুন দলের সদস্যদের স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন। এই মিশনে শেনঝৌ-২৩ দলের একজন নভোচারী এক বছর মহাকাশে অবস্থানের বিশেষ পরীক্ষায় অংশ নিতে স্টেশনে থেকে যাবেন।

আরও পড়ুন

সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত মহাকাশ সহযোগিতা চুক্তির ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতায় নতুন অধ্যায় যুক্ত হলো।

চীনের মহাকাশ কর্মসূচিতে তিয়াংগং স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত নভোচারী পাঠানো, দীর্ঘমেয়াদি অবস্থান এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মহাকাশে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে দেশটি। ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্যও রয়েছে চীনের।

শেনঝৌ-২৪ অভিযানে পাকিস্তানের অংশগ্রহণ চীনের মহাকাশ কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। একই সঙ্গে পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসেও এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ: রয়টার্স

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:৩৫