আন্তর্জাতিক ডেস্ক: ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এতো সংখ্যক প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া দেশজুড়ে চালানো এক সপ্তাহের বিশেষ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।
১০ অক্টোবর শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।
এর মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৭১০ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত অতিক্রমের সময় আটককৃতদের ৬৬ শতাংশ ইথিওপীয়, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, যথাযথ প্রক্রিয়া সম্পন্নের পর ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, বাসস্থান বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তা করা, দেশের অভ্যন্তরে নথিপত্রহীন অনুপ্রবেশকারীদের পরিবহন করা, তাদের আশ্রয় দেওয়া বা অন্য কোনো ধরনের সহায়তা প্রদান করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই শাস্তির মধ্যে রয়েছে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা।
সূত্র: গালফ নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available