আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএসএনবিসি ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। নিজের প্রশাসন সম্পর্কে এসব সংবাদমাধ্যম ‘ভুয়া খবর’ প্রকাশ করে—এমন অভিযোগ তুলে ১৮ সেপ্টেম্বর শুক্রবার তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অবিলম্বে কার্যকরভাবে ‘ভুয়া খবর’ প্রচারকারী সিএনএন, এমএসএনবিসি ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হচ্ছে। এসব সংবাদমাধ্যম নিয়মিত ‘ভুয়া খবর’ প্রচার করে বলেও অভিযোগ করেন তিনি।
ট্রাম্প আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় পলিটিকোকে সচল রাখতে মার্কিন সরকার প্রায় ৮০ লাখ ডলারের সাবস্ক্রিপশন কিনেছিল। এ ঘটনাকে তিনি ‘দুর্নীতি’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রশাসন কিংবা দেশকে নিয়ে সংবাদ প্রকাশের সময় কোনো সংবাদমাধ্যমের কল্পকাহিনি বা মিথ্যা তথ্য প্রচার করা উচিত নয়। ভবিষ্যতে আরও ‘ভুয়া খবর’ প্রচারকারী সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
পরে ওভাল অফিসে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা থাকা সত্ত্বেও কীভাবে তিনি এ সিদ্ধান্তকে ন্যায্যতা দিচ্ছেন।
জবাবে ট্রাম্প ওই সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষ ভুয়া খবর পড়তে বা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সৎ, মুক্ত ও নিরপেক্ষ সংবাদমাধ্যম থাকা প্রয়োজন। তবে একই সঙ্গে তিনি জানান, এসব সংবাদমাধ্যম তাদের সংবাদ পরিবেশনের মান উন্নত করলে তিনি তাদের আবার হোয়াইট হাউসে ফিরে আসতে দেখতে চান।
ট্রাম্প অভিযোগ করেন, সংবাদমাধ্যমগুলো ইচ্ছাকৃতভাবে তার প্রশাসন ও রিপাবলিকানদের নেতিবাচকভাবে উপস্থাপন করে। নিজের প্রশাসনের কর্মকাণ্ডের পক্ষে অর্থনৈতিক পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, তার প্রশাসন ‘চমৎকার কাজ’ করছে।
এদিকে এমএসএনবিসি ও পলিটিকো তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার মুখে থাকা সিএনএন তাদের সাংবাদিকদের পাশে থাকার কথা জানিয়েছে।
এক বিবৃতিতে সিএনএন বলেছে, হোয়াইট হাউস বিষয়ক তাদের সাংবাদিকদের দল স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার অধিকার রাখে। সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়া সাংবাদিকতা করার এই অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধান দ্বারা সুরক্ষিত বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।
সিএনএন আরও বলেছে, ট্রাম্পের ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করা হলে তা সংবাদমাধ্যমের সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকারের ওপর বেআইনি হস্তক্ষেপ হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available