জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-আনোয়ারের বৈঠকে আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ফেরত পাঠানোর বিষয়ে ইসলামি বক্তা জাকির নায়েককে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নিতে যাওয়া আনোয়ার ইব্রাহিম শনিবার এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের বিষয়টি আলোচনায় এসেছে।আনোয়ার ইব্রাহিম বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় দুই দেশের স্বার্থ ও পারস্পরিক সম্পর্কের কথা বিবেচনা করে আলোচনাটি ব্যক্তিগত পর্যায়েই রাখা হচ্ছে। তবে দুই দেশের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জাকির নায়েককে ফেরত চাওয়ার বিষয়ে ভারতের অবস্থান তারা বুঝতে পারছেন। তবে এ ক্ষেত্রে মালয়েশিয়ার আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। দেশের আইনের শাসন বজায় রাখার পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কও বিবেচনায় রাখা হবে বলে জানান তিনি।২০১৬ সালে ভারত ছাড়ার পর মালয়েশিয়ায় অবস্থান নেন জাকির নায়েক। পরে তিনি দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পান। এরপর ভারত সরকার তাকে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার কাছে আবেদন জানায়।এর আগে ২০২৪ সালে আনোয়ার ইব্রাহিম বলেছিলেন, ভারতের পক্ষ থেকে জাকির নায়েকের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা হলে তার প্রত্যর্পণের অনুরোধ বিবেচনা করতে পারে মালয়েশিয়া।এদিকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মোদির মালয়েশিয়া সফরের আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাকির নায়েকের বিষয়টি দুই দেশের আলোচনায় বিভিন্ন পর্যায়ে তোলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ভারত বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবে।সাম্প্রতিক আলোচনার মধ্য দিয়ে জাকির নায়েকের প্রত্যর্পণ ইস্যুটি ভারত-মালয়েশিয়া সম্পর্কের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে আবারও সামনে এসেছে।সূত্র: এনডিটিভি