• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫৭:৩৪ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

বিলাওয়াল ভুট্টোর বিয়ের খবর, পাত্রী কি ইউরোপের?

৩০ আগস্ট ২০২৬ সকাল ০৯:২২:৫১

বিলাওয়াল ভুট্টোর বিয়ের খবর, পাত্রী কি ইউরোপের?
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি আউসাফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিলাওয়ালের বাগদান সম্পন্ন হয়েছে এবং বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। তবে পিপিপির পক্ষ থেকে এ দাবি নাকচ করা হয়েছে।

ডেইলি আউসাফ ২৯ আগস্ট শনিবার এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানায়, বিলাওয়ালের হবু স্ত্রী ইউরোপের একটি দেশের নাগরিক। তবে তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, বিয়ের প্রস্তুতি গোপনীয়তার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বিলাওয়ালের বাবা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বর্তমানে অস্ট্রিয়ায় ব্যক্তিগত সফরে রয়েছেন। ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত তাঁর সেখানে থাকার কথা। সূত্রের দাবি, ছেলের বিয়ের প্রস্তুতির সঙ্গেও এই সফরের যোগসূত্র রয়েছে।

তবে পরবর্তী প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনিয়া নিউজ ও জিও নিউজ জানায়, বিলাওয়ালের বিয়ে বা বাগদান নিয়ে ছড়িয়ে পড়া খবর পিপিপির পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। বিলাওয়ালের মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যমে এসব খবরকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। ফলে এখন পর্যন্ত বিলাওয়ালের বাগদান বা বিয়ের খবরের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিতে বলা হয়, বিলাওয়ালের সম্ভাব্য পাত্রী ইউরোপের ক্ষুদ্র দেশ লিশটেনস্টাইনের ভাদুজ শহরের বাসিন্দা। আবার কিছু প্রতিবেদনে তাকে অস্ট্রিয়ার সাবেক রাজপরিবারের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে। তবে এসব দাবিরও স্বাধীনভাবে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

৩৮ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো জারদারি ১৯৮৮ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে। ২০১৮ সালে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর ২০২২ সালে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিলাওয়ালের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। তবে সর্বশেষ খবরের ক্ষেত্রেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ