আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন। এর জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯ জুলাই রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই সেনা নিহত হন এবং একজন নিখোঁজ হন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার পর চারজন মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং আহত অন্য সেনারাও ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন।
নিহত সেনাদের পরিচয় বা হামলার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে ইরানের বিরুদ্ধে নতুন দফা বিমান হামলা চালানো হয়েছে। সংস্থাটি বলেছে, টানা অষ্টম রাতের অভিযানের লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করা।
এ ছাড়া জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সংশ্লিষ্ট ইউনিটকে দ্রুত জবাব দেওয়াও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে সেন্টকম। তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করে এবং তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।
শনিবার গভীর রাতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, বারবার চুক্তি লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই এবং তার বিশ্বাসযোগ্যতাও নষ্ট হয়েছে।
এর আগে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছিল, রাতভর তাদের আকাশসীমার দিকে ছোড়া ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করার পর বর্তমান সংঘাতে মার্কিন বাহিনীর নিহত সদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, বীরেরা। তোমাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।”
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরজিসির বরাতে দাবি করেছে, শনিবার ভোরে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তবে এ দাবি সম্পর্কে সেন্টকম কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available