আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ১ নভেম্বর রোববার অজ্ঞাতপরিচয় একটি বস্তু একটি বাণিজ্যিক জাহাজে আঘাত হানে। একই দিনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌপথে পুঁতে রাখা মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত (মেডে) পাঠিয়ে জানান, আরেকটি জাহাজ অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটি বিস্ফোরিত হয় বলে দাবি করা হয়েছে।
এর আগে শুক্রবার কাতারের একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলার খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় জলসীমা দিয়ে চলাচলের সময় অজ্ঞাতপরিচয় বস্তু দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়।
হামলার শিকার জাহাজটির নাম ‘আল-মায়েদা’। এটি কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণকারী একটি জাহাজ।
কাতারের সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় জাহাজটিতে থাকা কোনো নাবিক আহত হননি। পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির বরাত দিয়ে জানানো হয়, জাহাজটি নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available