• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৪২:০৪ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৪ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৭:৩৫

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ১৩ আগস্ট বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইউএসএস জর্জ ওয়াশিংটন বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন ছিল। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা এবিসি নিউজকে জানিয়েছেন, গত সপ্তাহে ভিয়েতনামের দা নাং বন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে রণতরীটি। বর্তমানে এটি প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরকে সংযুক্তকারী মালাক্কা প্রণালির দিকে রয়েছে।

মালাক্কা প্রণালি পেরিয়ে ভারত মহাসাগর হয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছাবে ইউএসএস জর্জ ওয়াশিংটন। এর সঙ্গে একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ারও রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের শুরু থেকে মার্কিন নৌবাহিনীর উল্লেখযোগ্য বিমান অভিযান পরিচালিত হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করা রণতরীটির দায়িত্ব কমিয়ে আনার অংশ হিসেবে জর্জ ওয়াশিংটনকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন সমুদ্রে অবস্থান, নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন এবং নৌসেনাদের ওপর বাড়তে থাকা চাপের কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে নতুন রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করা নৌসেনাদের কাজের চাপ ও পরিবার থেকে দূরে থাকার বিষয়টি নিয়েও যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে। এ নিয়ে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা প্রশাসনের সমালোচনা করেছেন এবং পরিস্থিতি পর্যালোচনার দাবি জানিয়েছেন।

নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রণতরীটি সেখানে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দায়িত্ব গ্রহণ করবে।

সূত্র: এবিসি নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭
নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭
১৪ আগস্ট ২০২৬ সকাল ১০:২৭:০৫


বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
১৪ আগস্ট ২০২৬ সকাল ১০:০৪:০১