• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:১২:৫২ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা

২ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৯:১০

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। প্রায় দুই দশক ব্র্যাকের সঙ্গে যুক্ত থাকার পর এবার পেশাজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন এই অভিনেত্রী ও উন্নয়নকর্মী।

নিজের ফেসবুক পোস্টে নতুন কর্মজীবনের খবর জানিয়েছেন মিথিলা। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চে সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন।

নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন মিথিলা। তাঁর কাজের মূল ক্ষেত্র প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য।

নিজের নতুন দায়িত্ব সম্পর্কে মিথিলা জানান, জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পরিবেশের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই প্রকল্পটি কাজ করছে। স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যকে সমন্বয় করে তথ্য ও প্রমাণভিত্তিক কার্যক্রম এগিয়ে নিতে নিজের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।

এর পাশাপাশি নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটিতেও শিক্ষকতা শুরু করেছেন মিথিলা। সেখানে সহযোগী সহকারী অধ্যাপক হিসেবে অলাভজনক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে পড়াচ্ছেন তিনি। শিক্ষার্থীদের বাস্তব জীবনের অলাভজনক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়াই তাঁর পাঠদানের অন্যতম লক্ষ্য।

নতুন কর্মজীবনের খবর জানিয়ে সাবেক প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। তিনি জানান, ব্র্যাকের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তাঁর পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো ও গবেষকদের সঙ্গে কাজের সুযোগকে নিজের কর্মজীবন আরও সমৃদ্ধ করার একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন মিথিলা। নতুন এই যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

বিনোদন জগতের বাইরে প্রায় দুই দশকের পেশাগত জীবনে মিথিলা ব্র্যাকের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে দীর্ঘ সময় ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নতুন গবেষণাকাজে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল
প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল
২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৯:৩৩