ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ ২ অক্টোবর শুক্রবার দেশে আসছে। সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে পারমাণবিক জ্বালানি শুক্রবার দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দর থেকে ৩ অক্টোবর শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবারই জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় পরিবহন এক দিন পিছিয়ে যায়। নতুন সূচি অনুযায়ী শুক্রবার জ্বালানি আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, অত্যন্ত স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো উড়োজাহাজে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে দেশে আনা হচ্ছে। উড়োজাহাজটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের আগাম অনুমতিও প্রয়োজন হয়।
সূত্রের তথ্য অনুযায়ী, রাশিয়া ও বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান এবং প্রথম ইউনিটের জ্বালানি পুনর্ভরণের জন্য দুটি চালানে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে রূপপুরের জন্য পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সূত্র: আরটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available