ডেস্ক রিপোর্ট: শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে জয়া বণিকের নামও রয়েছে।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু অধিকার সংগঠন কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশুদের অধিকার ও কল্যাণে কাজ করা শিশু-কিশোরদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়।
জানা গেছে, গত চার বছর ধরে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন জয়া। বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রাম ও অনলাইন—দুই মাধ্যমেই সচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি।
জয়ার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি শিশুদের শিক্ষার গুরুত্ব নিয়ে বিভিন্ন পরিবারকে সচেতন করা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছেন তিনি।
এ ছাড়া মাঠপর্যায়ে কর্মশালা ও বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন জয়া। এসব উদ্যোগে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় জয়া বণিক বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।’
সূত্র: দৈনিক ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available