• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৩০:০৫ (30-Jul-2026)
  • - ৩৩° সে:

ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা, বাড়ছে আঞ্চলিক সংঘাতের শঙ্কা

৩০ জুলাই ২০২৬ সকাল ০৮:২৯:৫৮

ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা, বাড়ছে আঞ্চলিক সংঘাতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২৯ জুলাই বুধবার রাতে পরিচালিত এ হামলার পর কয়েক মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়তে পারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বুধবার রাত ৮টা থেকে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়। যুক্তরাষ্ট্রের দাবি, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ওপর আগের দিন ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলার সময় ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাংকারে ড্রোন হামলার খবর দেয় ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে। একই সময়ে পূর্ব ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী পৃথক অভিযান চালায়। অন্যদিকে, জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে ইরান।

তবে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বন্দরে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও ড্রোন হামলার কথা উল্লেখ করেনি। হামলার জন্য কারা দায়ী, সে বিষয়েও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরাক, মিসর ও উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে। এর আগে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘এবার আমাদের পালা।’ একই সঙ্গে তিনি ইরানকে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিলেও কূটনৈতিকভাবে শান্তিচুক্তির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান।

এদিকে ইরান জানিয়েছে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি, হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনা নিয়ে ওমানের দেওয়া প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে বর্তমান সংঘাতের সূচনা হয়। জুনে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। ইরানের দাবি, বর্তমানে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জামিন পেলেন ব্যারিস্টার সুমন
জামিন পেলেন ব্যারিস্টার সুমন
৩০ জুলাই ২০২৬ সকাল ০৮:৫১:১৫








Follow Us