আন্তর্জাতিক ডেস্ক: ইরানে টানা ষষ্ঠ রাতের মতো বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে তেহরান। দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসে চালানো এ হামলায় বিদ্যুৎ অবকাঠামো, রেলস্টেশনসহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলার ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। তবে এ দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করেছে।
অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চলমান সংঘাতের পর হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান চালিয়ে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available