• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:০৬:০৬ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

১৬ জুলাই ২০২৬ সকাল ১১:৫৩:৪১

জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে তেহরান জানিয়েছে, ইরানের ওপর হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের পাল্টা অভিযান অব্যাহত থাকবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী দাবি করেছে, জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী রাডার ও জ্বালানি ডিপো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ হামলাকে ইরানের ‘সায়েকেহ’ অভিযানের নবম ধাপ বলে উল্লেখ করা হয়েছে।

ইরানের ভাষ্য অনুযায়ী, ইরানশাহরের বাম্পুর ব্যারাকে হামলায় সাত সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।

তবে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। পরে বিভিন্ন এলাকায় পড়ে থাকা ধ্বংসাবশেষ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরআইবি প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘নাসর-২’ অভিযানের অষ্টম ধাপে একটি সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের একটি সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে। একই সঙ্গে কুয়েতের জনগণের প্রতি দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানোর আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে আল জাজিরার তেহরান প্রতিনিধি জানিয়েছেন, রাজধানী তেহরানসহ পার্শ্ববর্তী পাকদাশ্ত, পারচিন, সেমনান, খোররামাবাদ ও মার্কাজি প্রদেশের খোন্দাব এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সেমনান বিমানবন্দরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আইআরজিসি দাবি করেছে, খুজেস্তান প্রদেশের আন্দিমেশক এলাকায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, হরমুজ প্রণালিসংলগ্ন সিরিক ও কোনারাক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আইআরজিসির এক মুখপাত্র বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোই এখন তাদের প্রধান লক্ষ্য। প্রয়োজন হলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us