আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। প্রশ্নোত্তরভিত্তিক একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা একজন সঙ্গীসহ ওমরাহ পালনের সুযোগ পাবেন।
গত ১ নভেম্বর প্রতিযোগিতাটির ঘোষণা দেয় নুসুক। এ বিষয়ে ৫ নভেম্বর বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দেতিক হিকমাহ একটি প্রতিবেদন প্রকাশ করে। ‘Kemenhaj Saudi Gelar Undian Umrah Gratis di Aplikasi Nusuk, Ini Cara Daftarnya’ শিরোনামের ওই প্রতিবেদনে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম ও পুরস্কারের বিস্তারিত তুলে ধরা হয়েছে। একই দিন নয়, এর আগে ১ নভেম্বর মিসরের সংবাদমাধ্যম আল-ওয়াতানও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি পুরস্কার হিসেবে রাখা হয়েছে। প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা থাকবে। এতে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া ওমরাহ প্যাকেজের বিজয়ীরা ২০ কার্টন জমজমের পানি পাবেন। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন পরিবারের সদস্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার সুযোগ রয়েছে।
প্রতিযোগিতাটি বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহীদের জন্য উন্মুক্ত বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। তবে প্রতিযোগিতার শেষ তারিখ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তাই শেষ তারিখ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
যেভাবে অংশ নেবেন
নুসুক অ্যাপের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের প্রথমে মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নতুন অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সেটিতে প্রবেশ করেই অংশ নেওয়া যাবে।
অংশগ্রহণের ধাপগুলো হলো—
১. নুসুক অ্যাপে প্রবেশ করে নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে।
২. অ্যাপের ‘Start the Challenge’ অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর চারটি বিভাগের যেকোনো একটি নির্বাচন করতে হবে। বিভাগগুলো হলো—‘The Prophet’s Biography’, ‘The Quran’, ‘Makkah and the Grand Mosque’ এবং ‘Madinah and the Prophet's Mosque’।
৪. নির্বাচিত বিভাগ থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। উত্তর সঠিক হলে প্রতিযোগীর নাম পুরস্কারের লটারিতে অন্তর্ভুক্ত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিদিন একটি করে চাবি পাবেন। এই চাবি ব্যবহার করে প্রশ্নের দরজা খোলা যাবে। অতিরিক্ত চাবি পেতে প্রতিযোগিতার লিংক বন্ধু ও স্বজনদের সঙ্গে শেয়ার করার সুযোগও রয়েছে।
প্রতিদিন সৌদি আরবের স্থানীয় সময় রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া নুসুকের ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত নুসুক অ্যাপটি ওমরাহ পালনের অনুমতিসহ বিভিন্ন ধর্মীয় সেবা গ্রহণের জন্য ব্যবহৃত হয়। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।
অ্যাপ ডাউনলোড: https://onelink.to/nusuk
নুসুকের ওয়েবসাইট: https://services.nusuk.sa/
নুসুকের এক্স অ্যাকাউন্ট: https://x.com/MyNusuk
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available