• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৯:৩৮ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে এক সপ্তাহে ২ হাজারের বেশি নিহত

৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৩:০৬

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে এক সপ্তাহে ২ হাজারের বেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ডভাঙা তাপপ্রবাহের প্রভাবে ফ্রান্সে জুনের শেষ সপ্তাহে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে।

৩ জুলাই শুক্রবার দেশটির জনস্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। একই সময়ে ইউরোপের বিভিন্ন দেশে আবারও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৮ জুনের মধ্যে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেড়েছে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজধানী প্যারিস অঞ্চলে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৬২ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত বলেন, প্রকাশিত মৃত্যুর সংখ্যা প্রকৃত পরিস্থিতির তুলনায় কম হতে পারে। ফলে চূড়ান্ত হিসাব আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৪ জুন ফ্রান্সে দেশব্যাপী গড় তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে ওঠে এবং দেশের প্রায় অর্ধেক অঞ্চলকে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ এর আওতায় আনা হয়।

তাপপ্রবাহের কারণে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও বেড়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ জানান, ১৮ জুন থেকে এখন পর্যন্ত ডুবে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে।

শুধু ফ্রান্স নয়, ইউরোপের অন্যান্য দেশেও তাপপ্রবাহের ভয়াবহ প্রভাব দেখা গেছে। বেলজিয়ামে একই সময়ে অতিরিক্ত ১ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেশি। মৃতদের প্রায় অর্ধেকের বয়স ছিল ৮৫ বছরের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ পরিস্থিতিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে।

নেদারল্যান্ডসেও গত সপ্তাহের অস্বাভাবিক গরমে প্রায় ৪৮০ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং অধিকাংশ মৃত্যুই ৮০ বছরের বেশি বয়সীদের মধ্যে ঘটেছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিনে ইউরোপের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা বাড়তে পারে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। বোর্দো, তুলুজ ও আজেন এলাকায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

দাবানলের ঝুঁকি বাড়ায় ফ্রান্সের দক্ষিণাঞ্চলে শুক্রবার ও শনিবারের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। সরকার জানিয়েছে, গ্রীষ্ম মৌসুম শুরুর পর থেকে প্রায় ৭ হাজার দাবানল ছড়িয়ে পড়েছে এবং প্রায় ৮ হাজার ৭০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। বৃহস্পতিবার দক্ষিণ ফ্রান্সের একটি দাবানলের কারণে প্রায় ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, পর্তুগাল সরকার মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত জরুরি সতর্কাবস্থা ঘোষণা করেছে। দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রাও ২৫ ডিগ্রির ওপরে থাকতে পারে। স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকাতেও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপে তাপমাত্রা দ্রুত বাড়ছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপে উষ্ণতা বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ, ফলে ঘন ঘন তাপপ্রবাহ, পানিসংকট এবং ভয়াবহ দাবানলের মতো ঘটনা বাড়ছে।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us