অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
৩ জুলাই শুক্রবার যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে যাওয়ায় সেখানকার কয়েকজন যাত্রীও এই বাসে ওঠেন। ফলে দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রীর সংখ্যা নির্ধারিত আসনের চেয়ে বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available