আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবল থেকে ইরানের বিদায়ের পর যুক্তরাষ্ট্রের এক মন্ত্রীর উচ্ছ্বাস প্রকাশকে ঘিরে নতুন করে কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিনের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার অভিযোগ, এমন আচরণ আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মর্যাদার পরিপন্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, ‘অভিযান সফল হয়েছে, মি. মুলিন।’ এরপর তিনি ব্যঙ্গ করে বলেন, ‘আরেকটি কাজও সফলভাবে করেছেন আপনি—বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজনের যোগ্যতা আপনার নেই।’
তিনি আরও বলেন, একজন আয়োজক দেশের প্রতিনিধির যে নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা থাকা উচিত, মুলিনের মন্তব্য তার সম্পূর্ণ বিপরীত এবং তা আন্তর্জাতিক ক্রীড়া চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আরাঘচি এই প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কওয়েন মুলিন ইরানের বিদায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তার ভাষায়, ‘আমি শুধু খুশি যে তারা বিদায় নিয়েছে এবং আর ফিরে আসছে না।’ তিনি আরও বলেন, ‘হয়তো আমি এক-দুটি গানও গেয়েছি, কিংবা আনন্দে নেচেছিও।’
বিশ্বকাপের গ্রুপ পর্বে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইরান।
এবারের বিশ্বকাপে ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হয়েছে। দলের অনুশীলন কেন্দ্র যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিহুয়ানায় স্থানান্তর করা হয়। এছাড়া প্রতিটি ম্যাচ শেষে খেলোয়াড়দের দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available