• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৩:০৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

৪ জুন ২০২৬ দুপুর ১২:৫০:০১

পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌর করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। ৩ জুন বুধবার তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে দলীয় সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতা ও একাধিক কাউন্সিলরের পদত্যাগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রশাসনিক কাজ পরিচালনায় বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে ফিরহাদ হাকিম এর আগেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্বে থাকার অনুরোধ করেন। সম্প্রতি তিনি আবারও পদত্যাগের অনুমতি চাইলে মমতা তাতে সম্মতি দেন।

তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘ফিরহাদ হাকিম আজ (বুধবার) আবারও পদত্যাগের অনুমতি চেয়েছেন এবং দলনেত্রী তাতে সম্মতি দিয়েছেন।’

৬৭ বছর বয়সী ফিরহাদ হাকিম ২০১৮ সাল থেকে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বও পালন করেছেন।

তবে তার উত্তরসূরি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে কলকাতা পৌর করপোরেশন তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us